যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ে ধারাবাহিক সমালোচনা চলছেই দেশের চলচ্চিত্র অঙ্গনে। সিনিয়র শিল্পীদের থেকে শুরু করে এখনকার শিল্পীরাও এই বিষয়টি নিয়ে দুই ভাগে বিভক্ত। অনেকের অভিযোগ চলচ্চিত্র স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থই মূল উদ্দেশ্য এসব যৌথ প্রযোজনার চলচ্চিত্রের। অন্যদিকে, এর ইতিবাচক দিক ব্যাখ্যা করে অনেকে বলছেন, এতে করে দেশের চলচ্চিত্রের ব্যবসার প্রসার হচ্ছে।
ঢাকাই চলচ্চিত্রের ‘কিং’ খ্যাত শাকিব খানের অভিযোগ ছিল যৌথ প্রযোজনার চলচ্চিত্রগুলোতে প্রাধান্য পাচ্ছে ওপারের নায়করা। সেই অভিযোগ এবার ঘুচলো যৌথ প্রযোজনার চলচ্চিত্রে তার অভিষেক দিয়ে। বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে অনেকে দেখলেও শাকিবকে নিয়ে এখন শুরু হয়েছে ক্ষোভ। বলা হচ্ছে, শাকিবও শেষ পর্যন্ত সেই দলেই গেলেন।
কিন্তু বিষয়টি পরিষ্কার করে শাকিব খান বলেন, ‘যৌথ প্রযোজনার চলচ্চিত্রের বিষয়ে আমি কখনও প্রতিদ্বন্দ্বী ছিলাম না। সবার মতো আমারও কথা ছিল বিষয়টি যেন যৌথ প্রতারণা না হয়ে যায়। এমন অভিযোগ আছে বলেই আমি বলছি। আর শিল্পী থেকে কলাকৌশলীদের উপস্থিতি সমান থাকতে হবে। এটিই যৌথ প্রযোজনার চলচ্চিত্রের মূল নিয়ম। আমি সেই নিয়ম দেখেই কাজ করছি। ব্যক্তি স্বার্থ নয়, চলচ্চিত্রের স্বার্থকেই আমি সবার আগে দেখি। আর যারা আমার এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা হয়তো না জেনেই করছেন। ছবিটি মুক্তি পেলেই সবার ভুল ভেঙে যাবে।’
