নিষিদ্ধ ড্রাগ গ্রহণের দায়ে টেনিস তারকা রাফায়েল নাদালের বিরুদ্ধে ফ্রান্সের সাবেক ক্রীড়ামন্ত্রী যে অভিযোগ তুলেছেন তাতে দারুণ নাখোশ হয়েছেন স্প্যানিশ এই সুপারস্টার। এমনকি সাবেক ঐ মন্ত্রী রোসিলিস ব্যাচেলটের বিপক্ষে আদালতে নালিশ করারও হুমকি দিয়েছেন নাদাল।
চলমান ইন্ডিয়ান ওয়েলস হার্ড কোর্ট টুর্নামেন্টে নাদাল এ সম্পর্কে বলেছেন, আমি তার বিপক্ষে আদালতে মামলা করবো। শুধুমাত্র তিনিই নন আমার বিপক্ষে যারাই এই ধরনের মন্তব্য করেছেন তাদের কাউকে আমি ছাড়বো না। সত্যিকার অর্থেই এই বিষয়গুলো নিয়ে আমি বেশ পরিশ্রান্ত। ২০০৭-২০১০ সাল পর্যন্ত ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যাচেলট। তিনি মন্তব্য করেছিলেন ২০১২ সালে নাদালের কোন ইনজুরি ছিল না। হাঁটুর ইনজুরির কারণে ঐ বছর শেষ ছয় মাস ক্লে কোর্টের রাজা নাদাল কোর্টের বাইরে ছিলেন। কিন্তু ব্যাচেলটের দাবি ড্রাগ টেস্টে ধরা পড়ার ভয়েই নাদাল নিজেকে সরিয়ে রেখেছিলেন।
এই মন্তব্যে দারুণ রাগান্বিত নাদাল বলেছেন, তিনি এ ব্যাপারে সুষ্ঠু বিচার চান। এই ধরনের কোন কিছুর সাথে তিনি কখনই জড়িত ছিলেন না। ফ্রান্সের মত একটি দেশের মন্ত্রীর কাছ থেকে এই ধরনের মন্তব্য তিনি কখনই আশা করেন না। এখন পর্যন্ত ক্যারিয়ারে কখনই নাদাল ড্রাগ টেস্টে ধরা পড়েননি। সবসময়ই তিনি এই বিষয়টির বিরোধিতা করে আসছেন। বাসস।
