পিস্তল ও গুলি রাখার দায়ে এক যুবককে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত।
বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আরিফুল বিশ্বাস (২৩) বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহল্লার নাজিম উদ্দিনের ছেলে। তাকে পিস্তল রাখার দায়ে ১০ বছর এবং গুলি ও ম্যাগজিন রাখার দায়ে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি সিরাজুল ইসলাম। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুবেল হোসেন ও আবুল কাশেম নামে দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, ২০১৩ সালেল ৭ ফেব্রুয়ারি আরিফুল ইসলাম ও রুবেল হোসেনকে আটক করে র্যাব। এ সময় পালিয়ে যায় আবুল কাশেম। পরে আরিফুলের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ একটি ম্যাগজিন পাওয়া যায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়। তদন্ত শেষে তিন জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
