'বিএনপি হেরে গেলে বলে নির্বাচনে কারচুপি হয়েছে, আর জিতে গেলে নিশ্চুপ থাকে। বর্তমান সরকার নির্বাচনে কারচুপিতে বিশ্বাস করেন না।' আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বুধবার গোপালগঞ্জে এই কথা বলেন।
শেখ সেলিম বুধবার দুপুরে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা সরকারী মহিলা কলেজে অনুষ্ঠিত শামীমা পারভীন বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বক্তৃতাকালে আরও বলেন, 'তারা রাস্তায় পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে যে অপকর্ম করেছে তাতে বিএনপির প্রার্থীরা কিভাবে নির্বাচনে দাঁড়াবে।'
কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউসুফ আব্দুল হারুন এমপি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী ইমদাদুল হক, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রমুখ বক্তব্যে রাখেন।
পরে প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম ১০ কৃতি ছাত্রীর মাঝে বৃত্তি প্রদান করেন।
