স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর ৪র্থ সমাবর্তনে বক্তারা বলেছেন, দেশের শিক্ষাখাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের অনিয়মের কারণে অন্যদের সুনাম নষ্ট হয়। দেশের সব বিশ্ববিদ্যালয় তাদের দায়দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত। বুধবার রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সমাবর্তনে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মূল লক্ষ্য আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা। বিশ্ববিদ্যালয়ের কাজ হলো নতুন জ্ঞান সৃষ্টি করা। দেশে এখন বিশ্ববিদ্যালয়ে আরো বেশি গবেষণা ও ভালো মানের শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ডিগ্রি প্রাপ্তির মাধ্যমে তোমাদের আনুষ্ঠানিক শিক্ষাজীবন শেষ। তবে নতুন কর্মজীবন শুরু হলো। আমি তোমাদের উজ্জ্বল ও সুখী জীবন কামনা করছি। সমাবর্তন বক্তা ছিলেন ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
সমাবর্তনে এসইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম এবং নেপালের রাজদূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুশীল কুমার লম্সাল।
সমাবর্তনে স্প্রিং ২০১৪ থেকে ফল ২০১৫ পর্যন্ত সেমিস্টারের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ ১৮৫৫ জন শিক্ষার্থী তাদের ডিগ্রি অর্জন করেন। এসইউবির ৪র্থ সমাবর্তনে স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও হেলথ সায়েন্স ফ্যাকাল্টির অধীনে মোট ৯টি বিভাগের শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
