বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে: ফখরুল

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২১:০১
বিএনপি ‘অদম্য দল’হয়ে জেগে উঠবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বুধবার বিকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, যতবারই বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে, ততবারই বিএনপি ধ্বংস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিভিন্ন বাধা উপেক্ষা করে আমরা ১৯ তারিখে কাউন্সিল করতে যাচ্ছি। তাতেই প্রমাণিত হয় বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল, বিএনপি অদম্য দল, বিএনপিকে সহজে দমন করা সম্ভব নয়। নির্যাতন করে, নিপীড়ন করে এই দলকে ধ্বংস করা যাবে না।
 
পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি পরিষদ। ২০১১ সালের ১৭ মার্চ খোন্দকার দেলোয়ার মারা যান।
 
দলের চেয়ারপাসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, বিএনপির সামনে অত্যন্ত দুঃসময়, কঠিন পরীক্ষার মধ্য দিয়ে চলছে। আজকে সুপরিকল্পিতভাবে বিএনপিকে নির্মূল করবার প্রচেষ্টা চালানো হচ্ছে।
 
খোন্দকার দেলোয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে করে তিনি বলেন, তার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আজীবন একজন সংগ্রামী মানুষ, সৎ মানুষ। অত্যন্ত বিজ্ঞ এই মানুষটি আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন- জনগণের সঙ্গে ছাড়া অন্য কোনো বিকল্প নেই। পরে প্রয়াত খোন্দকার দেলোয়ারের জীবন কর্মের ওপর ‘শ্রদ্ধাঞ্জলি’ নামে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ফখরুল।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন (বাবুল), যিনি স্মৃতি পরিষদের সভাপতি।
 
এ সময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা প্রমুখ।