ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার লন্ডনের মালবরো হাউজে কমনওয়েলথ প্রধান রানী এলিজাবেথ ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিনের এ সাক্ষাৎ হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিরীন শারমিন এ সময় রানী এলিজাবেথকে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিপিএ সম্মেলন, সিপিএর চলমান কর্মসূচি এবং সিপিএ রোড শো কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
স্পিকার বলেন, কমনওয়েলথ এর আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ এবং সংসদীয় কার্যক্রমের বিষয়ে তরুণ সমাজকে শিক্ষিত করে গড়ে তুলতে এ বছর সিপিএ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি বিষয়ক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশের তরুণ সমাজ সংসদীয় গণতন্ত্র সম্পর্কে আরও জানার সুযোগ পাবে। ঢাকায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সিপিএর ৬২তম সম্মেলন হওয়ার কথা।
বৈঠকে কমনওয়েলথ প্রধান সিপিএর চলমান কর্মসূচির প্রশংসা করে বলেন, পার্লামেন্ট সদস্যসহ দেশের সর্বস্তরের জনগণকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে সচেতন ও সম্পৃক্ত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
তিনি নতুন প্রজন্মকে রাজনীতি ও গণতন্ত্র সম্পর্কে আগ্রহী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। গত ১৩ মার্চ যুক্তরাজ্য ও জাম্বিয়া সফরের জন্য ঢাকা ছাড়েন শিরীন শারমিন। আগামী ২২ মার্চ তার দেশে ফেরার কথা।
