চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর ভ্রাম্যমান আদালতের অভিযানে বুধবার ৭টি মামলা দায়ের করা হয় এবং বিদ্যুৎ বিল না দেয়ায় ও অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে ৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
চট্টগ্রাম পিডিবি'র বিদ্যুৎ আদালত (উত্তর) এর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন নগরীর পাথরঘাটা এলাকায় এই ভ্রাম্যমান আদালতের অভিযান চালান। এসময় অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে আদালত দুই ব্যক্তিকে মোট দুই লাখ ষাট হাজার টাকা জরিমানা করেছেন।
পিডিবি সূত্র জানায়, ১৬ লাখ ৩৩ হাজার ৫৬২ টাকা বকেয়া আদায়ের জন্য মামলা হয়েছে এবং জরিমানা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিডিবি'র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক চৌধুরী ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ হাসান নাসির, এ কে এম ওয়াহেদুর রহমান ও মোহাম্মদ নূরুল ইসলাম।
