প্রথম রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স করেই সুপার টেনের টিকিট পায় মাশরাফিবাহিনী। তবে সুপার টেনে গ্রুপ-২ এ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫৫ রানে হেরে যায় টাইগাররা। ম্যাচে নিজেদের পরিকল্পনাগুলো ঠিকমত কাজে লাগাতে না পারাতেই এমন হার বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
প্রথমে টস হেরে আগে বোলিং-এ নামে বাংলাদেশ। এরপর শুরুতেই পাকিস্তানের মারমুখী ব্যাটিং-এর সামনে দিশেহারা হয়ে যাওয়া। এত কিছুর পরও আরাফাত সানির মাধ্যমে দারুনভাবে ম্যাচে ফিরে বাংলাদেশ। কিন্তু ধীরে ধীরে হাত থেকে ম্যাচ ছিটকে যায় টাইগারদের। কারন আগে ব্যাট করে ৫ উইকেটে ২০১ রান করে ফেলে পাকিস্তান। তাতে ম্যাচে চালকের আসনে বসে পড়ে পাকিস্তান।
তারপরও ম্যাচ বাঁচানোর সুযোগ ছিলো বাংলাদেশের। এজন্য বাংলাদেশ শিবির তাকিয়ে ছিলো ব্যাটসম্যানদের দিকে। কিন্তু ব্যাট হাতে নিজেদের সেরাটা প্রদর্শন করতে পারেননি তামিম-মাহমুদুল্লাহরা। তাই ম্যাচটি হারতে হয় বাংলাদেশকে। ম্যাচ হারের কারণ হিসেবে মাশরাফি বলেন, 'অবশ্যই পাকিস্তান বেশি রান করে ফেলেছিলো। আমরা ছয় ওভার থেকে খেলাটা ধরতে পারিনি। যে অ্যাটাকগুলো করেছে সেগুলোতে ওরা সাফল্য পেয়েছে। পরবর্তীতে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারিনি।'
টস জিতলে প্রথমে ব্যাট করার পরিকল্পনাও ছিল বাংলাদেশের, এমনটা জানান মাশরাফি, 'জানি না টস কতটা গুরুত্বপূর্ণ ছিল। উইকেট খুব পরিবর্তন হয়নি। আমরা ১৪৬ রান করেছি। আমি আগেও বললাম ১৬০-১৭০ এর মত হলে তা চেজ করা যেত। এ রকমই উইকেট ছিলো। আমরাও তো পরিকল্পনা করেছিলাম আগে ব্যাটিং করতে। যদি ওটা হত তাহলে তো ভিন্ন কিছু হতো।'
এমন হারে সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন মাশরাফি, 'এই গ্রুপে অন্য চারটি দল এসেছে সেমিফাইনাল বা ফাইনাল খেলতে। আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবো তাই আশা করেছি। দুভার্গ্যবশত আমাদের যে খেলাটা খেলার কথা ছিলো সেটার কিছুই কাজ করতে পারিনি। আমাদের জন্য কঠিন ও ভিন্ন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারত ও নিউজিল্যান্ড খুবই ভালো ফর্মে আছে। ভারত শেষ ১২ ম্যাচের ১০টিই জিতেছে। অস্ট্রেলিয়া তো সবসময়ই কঠিন দল। আমাদের জন্য তিনটা তিন ধরনের পরিস্থিতি অপেক্ষা করছে।'
