শিশুদের ওপর আক্রোশ বন্ধ করুন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৭:১৯
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আমরা গভীরভাবে লক্ষ করছি- বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে শিশুদের ওপরে আক্রোশ মেটানো হচ্ছে। দয়া করে এসব আক্রোশ বন্ধ করুন।
 
বৃহস্পতিবার সকালে  বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে ‘বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত  সভায় তিনি আরো বলেন, আমরা শিশু বান্ধব পরিবেশ গড়তে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান শিশুদের অনেক ভালবাসতেন। তাই আজকের এই দিনটিকে তার স্মরণে জাতীয় শিশু দিবস হিসাবে  আখ্যা দেয়া হয়েছে।
 
শিশু নির্যাতন বন্ধ করার দাবি জানিয়ে বলেন, যদি কোন পিতা তার শিশুকে লেখাপড়া করাতে না পারেন তাহলে আমাকে বলবেন, কথা দিচ্ছি ,আমি তাদের পড়ালেখার খরচ দেব।
 
তিনি বলেন, আওয়ামী লীগ  নতুন প্রজম্মের মনের মাঝে  আলো ছড়াতে চাই। সঠিত ইতিহাস জানাতে চাই। এ কারণে বঙ্গবন্ধুর জীবনের ওপরে প্রকাশিত দুটি বই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হবে।
 
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা পৌর মেয়র ও জেলা আওযামী লীগের সদস্য আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, আড়ানী পৌর মেয়র মোক্তার হোসেন, থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুল আলম, সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাম্মদ আলী, রহমোতুল্লা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের  সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেস প্রমুখ।