শুভেচ্ছাস্বরূপ বাংলাদেশকে গ্যাসঅয়েল সরবরাহ করছে ভারত। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের উদ্দেশে ২২০০ মেট্রিক টন গ্যাসঅয়েল বহনকারী একটি ট্রেনের উদ্বোধন করেন দেশটির জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসসম্পদ বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বাংলাদেশের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা শনিবার দেশের পার্বতীপুরে চালানটি গ্রহণ করবেন। এটি জ্বালানি খাতে দুই দেশের সহায়তার একটি বড় পদক্ষেপ। ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে গৃহীত যৌথ ঘোষণায় এটি উল্লেখ ছিল।
একটি যৌথ উদ্যোগ কোম্পানির মাধ্যমে এনআরএল-এর শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল (পশ্চিমবঙ্গ) থেকে বিপিসি’র দিনাজপুর জেলায় পার্বতীপুর জ্বালানি পণ্য সংরক্ষণাগার পর্যন্ত ১৩০ কি.মি. ইন্দো-বাংলা ফ্রেন্ডশীপ পাইপলাইন (আইবিএফএল) বাস্তবায়নের জন্য ২০ এপ্রিল ২০১৫ ঢাকায় এনআরএল ও বিপিসি-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে এনআরএল এবং বিপিসি উভয় পক্ষ থেকে নিরপেক্ষ অংশগ্রহণের কথা বলা রয়েছে। বিপিসি’র প্রস্তাবিত শুভেচ্ছা মূল্যে এনআরএল ২২০০ মেট্রিক টন গ্যাসঅয়েলের প্রথম চালানটি সরবরাহ করেছে।
