আইসিসি টি২০ বিশ্বকাপে সুপার টেনে আজ মুখোমুখি হবে দুই সেরা দল নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
অস্ট্রেলিয়া এই ম্যাচ দিয়েই তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। তাই তাদের দলের একাদশটা যে কেমন হবে তা এখনো বোঝা যাচ্ছে না। এছাড়া তারা চলতি বছর ৬ ম্যাচে টানা ২৫ জন ক্রিকেটারকে খেলিয়েছে। ফলে শুক্রবারের ম্যাচে অস্ট্রেলিয়া দলের একদাশ সম্পর্কে আগাম ধারণা করাটা একটু মুশকিলই বটে। তবে নিউজিল্যান্ড দলে তিনজন স্পিনার থাকলে অস্ট্রেলিয়াও কিন্তু পিছিয়ে নেই। তাদেরও আছে অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জামপা এবং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের মতো তিনজন স্পিনার। এছাড়াও সম্প্রতি তারা দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের টি২০ সিরিজে ২-১ ব্যবদানে হারিয়েছে। এই সিরিজের প্রথম ম্যাচে তারা হেরে গেলেও পরের দুটি ম্যাচে ঠিকই ফর্মে ফিরে এসে জয় নিশ্চিত করতে সক্ষম হয়েছে। তাই লড়াইটা বেশ ভালোই হবে বলে মনে হচ্ছে। তবে এদিনও ধর্মশালায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ জানান পরিস্থিতি বুঝেই তারা দল গঠন করবেন।
সম্ভাব্য একাদশ
অস্ট্রেলিয়া : উসমান খাঁজা, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষক), জন হেস্টিংস, নাথান কুল্টার-নিল, অ্যাডাম জামপা।
নিউজিল্যান্ড : মার্টিন গুপ্তিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, রস টেইলর, কোরে অ্যান্ডারসন, গ্রান্ট ইলিয়ট, লুক রঞ্চি (উইকেটরক্ষক), নাথান ম্যাককুলাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।
