চালককে হত্যার পর রিকশাভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ২০:১৯
গাইবান্ধার সাদুল্লাপুরে বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে চালক মিজানুর রহমানকে (১৮) কুপিয়ে হত্যা করে তার ব্যাটারি চালিত রিকশাভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় তার বাম চোখ উপড়ে ফেলা হয়।
 
খবর পেয়ে পুলিশ সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে শুক্রবার দুপুর ১টার দিকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। 
 
মিজানুর রহমান উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের মফিজল হকের ছেলে। 
 
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বারী জানান, মিজানুর বৃহস্পতিবার বিকেলে ব্যাটারি চালিত রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাত ১০টার দিকেও তিনি পরিবারের লোকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। পরে রাতে আর তিনি বাড়ি ফেরেন নাই। শুক্রবার সকালে ওই গ্রামের একটি বাঁশঝাড়ে মিজানুরের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় এলাকাবাসী। 
 
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, মিজানুরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার বাম চোখ উপড়ে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর ব্যাটারি চালিত অটোরিকশা ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে। 
 
তিনি আরো জানান, এ ঘটনায় মিজানুরের পিতা মফিজল হক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের সনাক্ত ও অটোরিকশা-ভ্যানটি উদ্ধারে চেষ্টা চালছে।