চাপে থাকা ভারতের সামনে আজ পাকিস্তান

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ০৯:১৬
ভারতীয় ও পাকিস্তানীরা এটাকে শুধু ক্রিকেট খেলা মনে করে না। এটা সীমান্ত বিরোধের চাইতেও বড় কিছু। লোকজন তাদের আবেগকে খেলাটিতে নিয়ে আসে। তাই খেলোয়াড়দের কাজ হবে আবেগকে অগ্রাহ্য করে নিজেদের সেরা খেলাটাই দেখানো।’
 
গোড়ায় স্বাগতিক ভারত ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিষ্কার ফেবারিট। কিন্তু তাদের বিখ্যাত ব্যাটিং লাইন নিউজিল্যান্ডের স্পিনারদের বিরুদ্ধে রণে ভঙ্গ দেয়ায় ভারতের জন্য কলকাতার ইডেন গার্ডেনে আজ শনিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলাটি হয়ে পড়েছে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলাটি। স্টার স্পোর্টস, গাজী টিভি ও মাছরাঙ্গা খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
 
মহেন্দ্র সিং ধোনির দলকে নাগপুরের ওই হারটির পর পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে। নইলে ক্রিকেটের সংক্ষিপ্ততম ঘরানায় বিশ্বের এক নম্বর দলটিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার আগাম শঙ্কায় পড়তে হবে।
 
পাকিস্তান ও ভারতের এ খেলাটি প্রথমে ঠিক হয়েছিল ধর্মশালায় হবে। কিন্তু হিমাচল প্রদেশের সরকার পাকিস্তান দলকে স্থানীয় প্রতিবাদের মুখে নিরাপত্তা দিতে অস্বীকার করায় খেলাটি কলকাতায় আনা হয়। এরপর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শহিদ আফ্রিদির দল ভারতে আসে দিন দুয়েক বিলম্ব ঘটিয়ে। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যকার অনেক নাটক শেষে উভয় দল মাঠে নামলো। তাতে পাকিস্তান নিজেদের প্রথম খেলাটিতে বাংলাদেশের বিরুদ্ধে জিতে ভাল সূচনা করলেও ভারতের ক্ষেত্রে ঘটলো বিপরীত ঘটনা। অবশ্য ভারতের জন্য এত কিছুর পর সুবিধা হলো ইতিহাসের আনুকূল্য। কেননা ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান এখনো ভারতকে কোনো খেলায় হারাতে পারেনি বলে চাপে থাকবে।
 
এ প্রেক্ষিতে পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস গতকাল মত দেন যে তার দলের জন্য ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে এটাই সবচেয়ে উপযুক্ত সময়। কেননা বিশ্বকাপের প্রথম খেলাটিতে হারের কারণে ভারত চাপে আছে। যদিও ভারত আইসিসির ওয়ানডে বিশ্বকাপে ছয়টি এবং টি-টোয়েন্টিতে খেলা চারটির সবগুলোতেই জিতেছে। ওয়াকার তারপরও বলেন, ‘সন্দেহ নেই ইতিহাস আমাদের আনুকূল্য দেয় না। তাই বলে ব্যাপারটা বদলানো যাবে না এমন নয়। ইতিহাসও বদলায়। এ দফায় আমরা কিছুটা আত্মবিশ্বাসী। ভারত চাপে আছে। আমাদের জন্য ইতিবাচক।’ ইডেনে অবশ্য ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে চারটি ওয়ানডে খেলেছে তার সবগুলোতেই জিতেছে। ওয়াকার এখন সে রেকর্ডটি টি-টোয়েন্টিতেও অব্যাহত রাখতে চাইছেন।
 
আবার বিশ্বকাপ পরিসংখ্যান বলছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতই এগিয়ে। তার ওপর নিউজিল্যান্ডের দেয়া মামুলি ১২৭ রান  তুলতে না পেরে চাপে থাকা স্বাগতিক ব্যাটসম্যানরা নিজেদের খুঁজে পেতে মরিয়া হবেন। এর মধ্যে গতকাল ভারতের অফস্পিনার রবিচন্দন অশ্বিন জানিয়েছেন ভারত পাকিস্তান ম্যাচের যুদ্ধংদেহী ভাবটি এখনো হারিয়ে যায়নি। এখনো এ ম্যাচের উত্তেজনা অ্যাশেজের চাইতে বড়। তবে তিনি এও জানান যে ক্রিকেটারদের তাদের আবেগকে সংযত রাখতে হবে।
 
অশ্বিন খেলাটির প্রাক্কালে বলেন, ‘আমার মনে হয় ভারতীয় ও পাকিস্তানীরা এটাকে শুধু ক্রিকেট খেলা মনে করে না। এটা সীমান্ত বিরোধের চাইতেও বড় কিছু। লোকজন তাদের আবেগকে খেলাটিতে নিয়ে আসে। তাই খেলোয়াড়দের কাজ হবে আবেগকে অগ্রাহ্য করে নিজেদের সেরা খেলাটাই দেখানো।’
 
ভারতীয় স্পিনারটি এও জানান যে, তারা খেলাটিকে সহজভাবে নিচ্ছেন। কেননা তারা ভারত পাকিস্তান ম্যাচ খেলে অভ্যস্ত। তাছাড়া ভারত যখনই খেলে তার সবগুলোতেই চাপ থাকে। এ জন্য তারা এতে অনেক বেশি অভ্যস্ত।