সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতৃত্ব আগের মতোই রয়ে গেছে। কাউন্সিলে দলটির গুণগত কোনো পরিবর্তন ঘটবে না। তাই কাউন্সিলের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না।’ শনিবার বেলা ১১টায় আশুলিয়ার নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কের উন্নয়ন কাজের পরিদর্শন করতে গিয়ে এ কথা তিনি।
তিনি বলেন, ‘ঘুরে দাঁড়ানোর ডাক দিয়ে বিএনপি যে কাউন্সিল আহবান করেছে তাতে ঘুরে দাড়ানোর কোনো আভাস পাওয়া যাচ্ছে না। যেহেতু নেতৃত্বে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভবনাও নেই।বিএনপি গণতন্ত্র বাঁচানোর কথা বলে পেট্রোলবোমা ও আগুন নিয়ে মাঠে নেমেছিল। এবারও কি তারা পেট্রোলবোমা, ককটেল কিংবা আগুন নিয়ে ঘুরে দাঁড়াতে যাচ্ছে কি না-সেটি এখন দেখার বিষয়।’
কাউন্সিলে বাধার বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের কাউন্সিলে কোনো বাধা দেয়া হয়নি। বাধা দিলে এত উৎসবমুখর পরিবেশে বিএনপি কাউন্সিল করতে পারত না। শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নয়, তাদের চাহিদা মতো সোহরাওয়ার্দী উদ্যানও বরাদ্দ দেয়া হয়েছে।’
বিএনপি পেট্রোলবোমা ও সন্ত্রাসের রাজনীতি করে বলেই আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কাউন্সিলে এবার কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
