ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনে সফল ভারতীয়দের তালিকায় আগেই নাম উঠেছিল। নতুন পালক জুড়লো কপিলের মুকুটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি এবার লন্ডনের মাদাম তুসো মোমের জাদুঘরে ঠাঁই পাবেন কৌতুক অভিনেতা কপিল শর্মাও।
আইবিএন লাইভ জানিয়েছে, মাদাম তুসোর তরফে যে দল মোদির মাপজোক করে গিয়েছে, সেই একই দল কপিলেরও মাপজোক নিয়ে গেছে।
সূত্র জানিয়েছে, মুম্বাইয়ের জে ডব্লু ম্যারিয়ট হোটেলে জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে ‘কমেডি নাইটস উইথ কপিল' এর সঞ্চালকের একটি বৈঠক হয়। কাজও শুরু করে দিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। মাস ছয়েক পর দর্শকের সামনে প্রদর্শিত হবে কপিলের মোমের মূর্তি।
কপিলই প্রথম ভারতীয় টেলিভিশন ব্যক্তিত্ব যার মোমের মূর্তি বসবে মাদাম তুসোয়। কপিল ছাড়া আর যাদের মোমের মূর্তি আছে মাদাম তুসোয় তারা হলেন অমিতাভ বচ্চন, সালমান খান, মাধুরী দীক্ষিত, ঐশ্বর্য রাই বচ্চন, শাহরুখ খান, কারিনা কাপুর খান, হৃতিক রোশন এবং ক্যাটরিনা কাইফ।
