ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, 'সুস্থ জাতি গঠনে প্রযুক্তি জ্ঞান ও খেলাধুলার কোন বিকল্প নেই।'
শনিবার সকালে ঈশ্বরদী ডাল ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র মাঠে সবুজ কুঁড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের খেলাধুলার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'এই কারণেই আজ দেশের খেলোয়াড়রা বিদেশেও কৃতিত্ব ও সুনাম অর্জনে সক্ষম হয়েছে।'
আলোচনা সভায় তিনি আরো বলেন, 'খেলাধুলার পাশাপাশি সন্তানদের আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুদের প্রযুক্তিজ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে।'
ঈশ্বরদী ডাল ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডাল গবেষণা কেন্দ্রের প্রধান শেখ মোস্তফা জামান, ড. এ.এফ.এম. আবদুর রউফ, হাবিবুর রহমান শেখ, ড. আলতাফ হোসেন, ড. আবদুল্লাহ কায়সার অধ্যক্ষ কবীর আলী হিরু, শামসুল হক প্রমুখ।
