প্রকৃতিতে মৌসুম বদলাতে দেরি হয়, কিন্তু দেরি হয় না মল্লিকার প্রেমিক বদল হওয়াতে! একাধিক প্রেমিকের খবরের পর এবারে ফরাসি প্রেমিক তার। তবে অবশ্যই ধনকুবের।
শুধু ছবি নয়, কোনো কাজেই যেন আর মন বসছে না তার! বলিউড সংশ্লিষ্ট সবারই একটাই প্রশ্ন—হঠাত্ করে এ কি হলো মল্লিকার? উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেল প্রেমে পড়েছেন মল্লিকা। তাও আবার এক ফরাসি ব্যবসায়ীর। সেই প্রেমিককে নিয়েই এখন কাটছে মল্লিকার সময়।
ফরাসি ওই ব্যবসায়ীর নাম সিরিলি অক্সেনফেনস। জানা গেছে, বিশ্ব ভালোবাসা দিবসের দিন থেকে এখন পর্যন্ত একসঙ্গে রয়েছেন মল্লিকা ও তার প্রেমিক। প্রেমিকের সঙ্গে লিভ-টুগেদার করার বিষয়টিও যেন আর লুকাতে চাইছেন না এ অভিনেত্রী। আর তাইতো সম্প্রতি প্যারিসে প্রেমিকের সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও পোস্ট করেছেন তিনি টুইটারে।
ছবির সঙ্গে মল্লিকা লিখেছেন, ‘প্রেমে পড়ার মজাই আলাদা। আমি খুব ভালো সময় কাটাচ্ছি এখন।’
এই ছবি পোস্ট করার পর থেকে ব্যাপক আলোচনা শুরু হয়েছে মল্লিকাকে নিয়ে। তার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সিরিলির সঙ্গে এখন লিভ-টুগেদার করলেও খুব শিগগিরই তারা বিয়ের পিঁড়িতেও বসতে যাচ্ছেন। প্যারিসে পারিবারিকভাবেই নাকি হবে তাদের বিয়ে। আর সেটা হতে পারে চলতি বছরের মাঝামাঝি সময়ে। সেটা হলে মল্লিকা আপাতত আর ভারত ফিরছেন না। একেবারে বিয়ের পরই বরকে নিয়ে ভারত আসবেন তিনি।
এখন দেখার বিষয় হলো তাদের এই সম্পর্ক কবে নাগাদ বিয়ে পর্যন্ত গড়ায়।
