খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের আদালত অবমাননার অভিযোগ ২৭ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বিভাগ এই দিন ধার্য করেছে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম যে ব্যাখ্যা দিয়েছেন তা গ্রহণ করেনি আদালত। তাকে নতুন করে তার ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীকে আগামী ২৭ মার্চ আবারও রুলের শুনানিতে হাজির হতে বলা হয়েছে।
এর আগে তাদের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আদালতে আবেদন করেন।
গত মঙ্গলবার সশরীরের আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ঐ দিন আদালতে হাজির না হয়ে সময় প্রার্থনা করেছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
প্রধান বিচারপতি ও বিচারাধীন মামলার বিষয়বস্তু নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় গত ৮ মার্চ আপিল বিভাগের ফুল কোর্ট আদালত অবমাননার অভিযোগে ঐ দুই মন্ত্রীকে তলব করে। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে কেন ব্যবস্থা নেয়া হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়। আদালতের আদেশ অনুযায়ী আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুই মন্ত্রীর পক্ষে দুটি আবেদন দাখিল করা হয়। এরপরই দুই মন্ত্রী তাদের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আদালতে আবেদন দাখিল করেন।
গত ৫ মার্চ ঢাকায় এক অনুষ্ঠানে আপিল বিভাগে বিচারাধীন যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিলের বিষয় নিয়ে প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য করেন সরকারের ঐ দুই মন্ত্রী। এ নিয়ে সব মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।
