নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ঘূর্ণিঝড়ে প্রায় দুইশতাধিক কাঁচা ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসাসহ বহু গাছপালা বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
ৎ
জানা গেছে, শনিবার দিবাগত রাতে হঠাৎ ঘূর্ণিঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে উপজেলায় বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। যা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে উঠতি বোরো ফসলের। এ সময় ঘরের নিচে চাপা পড়ে উপজেলার হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামের আ. রশিদ (৫০) নিহত হয়েছেন। বিভিন্ন এলাকায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ভিতরগাঁও গ্রামের আ. সাত্তারকে (৬০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও একই গ্রামের আ. জব্বারের স্ত্রী হেলেনা খাতুনকে (৫০) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
উপজেলা সদর ইউনিয়নের পূর্বধলা,বারদার, ভিতরগাঁও, জুগলী জারিয়া ইউনিয়নের বাড়হা, তুতিরপাড়া, শালদিঘা,গনকপাড়া মৌদাম, আগিয়া ইউনিয়নের বুধি, জটিয়াবর, খারছাইল, হোগলা ইউনিয়নের ভিকুনিয়া, পাগলাকান্দা, শিবপুর, চিলাইগাতী, বিশ্বনাথপুর, লড়খড়ি, সেহলা, ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল, সানকীডোয়ারী, সিংড়াজান, লেটিরকান্দা ও ধলামূলগাঁও ইউনিয়নের দিওপাড়া গ্রামের উপর দিয়ে এ ঘূর্ণিঝড় বয়ে যায়।
উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর হোসেন এসব এলাকা পরিদর্শন করেছেন।
নির্বাহী অফিসার জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে।
