হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের বড়চর স্কুলের কাছে শনিবার রাত ৯টার দিকে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ কর্মী ফয়েজ আহমেদ (২৩) নিহত ও তার সঙ্গী সাজু মিয়া (৩০) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, সাজু ও ফয়েজ মোটরসাইকেলে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জে ফিরছিলেন। তারা বড়চর এলাকায় যাওয়ামাত্র বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এই সময় ফয়েজ ও সাজু মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়েন।
এতে উভয়েই গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়েজকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় সাজুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত ফয়েজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি শায়েস্তাগঞ্জ পৌর এলাকার তালুগড়াই গ্রামের আব্দুল খালেকের ছেলে। আহত সাজু হবিগঞ্জ সদর উপজেলার জগৎপুরের খালপাড়ের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
