নারায়ণগঞ্জের সাত খুন মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে র্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদের আবেদনের শুনানি রবিবার হাইকোর্টে শেষ হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ সোমবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রেখেছেন।
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। প্রথম মামলাটি ২০১৪ সালের ২৭ এপ্রিল দায়ের করেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। একই বছরের ৭ মে দ্বিতীয় মামলাটি করেন ওই ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। সেলিনা ইসলামের মামলায় গত ফেব্রুয়ারি মাসে অভিযোগ গঠন করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ। ওই অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তারেক সাঈদ। আবেদনের পক্ষে আইনজীবী গোলাম কিবরিয়া ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন। শুনানি শেষে সোমবার আদেশের জন্য দিন ধার্য করে দেয় আদালত।
এর আগে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ওই খুনের ঘটনায় করা দ্বিতীয় মামলা বাতিল চেয়ে তারেক সাঈদের একটি আবেদন খারিজ করে দেয়।
