শেরপুরে প্রজন্মলীগ নেতা গ্রেফতার, ককটেল উদ্ধার

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৮:১১
বগুড়ার শেরপুরে চিকিৎসককে অপহরণের পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত বঙ্গবন্ধু প্রজন্মলীগের বগুড়ার শেরপুর উপজেলা সভাপতি জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রবিবার দুপুরে শেরপুর পৌর শহরের দুবলাগাড়ি এলাকায় জাকির হোসেনের বাড়িতে তল্লাশী করে ১০টি ককটেল ও ২টি সামুরাই উদ্ধার করেছে পুলিশ। জাকির হোসেন উপজেলার দুবলা গাড়ি এলাকার আব্দুল গোফফারের ছেলে।
 
পুলিশ জানায়, রবিবার ভোরে শেরপুর পৌর শহরের বনিকপাড়া এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করা হয় । পরে তার স্বীকারোক্তি অনুযায়ি দুপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে ১০টি ককটেল ও ২টি সামুরাই উদ্ধার করা হয়েছে।
 
উল্লেখ্য, গত ১৪ মার্চ শেরপুরে আমিরুল ইসলাম চৌধুরী নামের একজন চিকিৎসককে অপহরণের পর বিবস্ত্র করে ছবি তুলে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় জাকির হোসেনকে প্রধান আসামি করে  ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর থেকেই জাকির হোসেন পলাতক ছিল।
 
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, জাকির হোসেনকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ি দেশী অস্ত্র ও ককটেল উদ্ধার হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে পৃথক মামলা হবে।