আগামী জাতীয় বাজেটে রাজশাহীর উন্নয়নে ১০ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। রবিবার সকাল ১০টায় নগরীর গণকপাড়া তুলাপট্টিতে অনুষ্ঠিত জনসভায় এই দাবি জানানো হয়।
১০ দফা দাবির মধ্যে রয়েছে- রাজশাহীতে গ্যাস সংযোগ পুন:রায় চালু, আব্দুল্লাপুর-রাজশাহী-রহনপুর ডুয়েল গেজ রেললাইন স্থাপন, রাজশাহী-চট্টগ্রাম সরাসরি রেল যোগাযোগ সম্প্রসারণ, জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত, বন্ধ রেশম কারখানাসহ অন্যান্য কারখানা চালু, নদী ভাঙ্গন রোধ, গঙ্গা ব্যারেজ ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, সিএনজি স্টেশন প্রতিষ্ঠা ও পাঁচতারা হোটেল এবং ক্রিকেটের টেস্ট ভেন্যু বাস্তবায়ন।
পরিষদ সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় জামাত খান, দেবাশীষ প্রামাণিক দেবু, আইনজীবী বার সমিতির সভাপতি নাজমুস সাদাত, চেম্বার সভাপতি মনিরুজ্জামান মনি, রাবি শিক্ষক ড. সুজিত সরকার, প্রকৌশলী কবীর হোসেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, শাহজাহান আলী বরজাহান, জালাল উদ্দিন ও আবুল কালাম আজাদ, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত, ব্যবসায়ী ঐক্য পরিষদ সভাপতি হারুনুর রশিদ, ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, রেস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, ব্যবসায়ী এম. শরীফ, আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
