মুন্সীগঞ্জে যাত্রী পিটিয়ে গাড়িচাঁপা দিয়ে হত্যা

আপডেট : ২০ মার্চ ২০১৬, ২০:১৩
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়া এলাকায় আব্দুল আউয়াল সরকার (৩৪) নামে এক যাত্রীকে পিটিয়ে গাড়িচাপা দিয়ে হত্যা করেছে পরিবহন শ্রমিকেরা।
 
এ সময় আউয়াল সরকারের ছোট ভাই আল আমিন, বোন ফরিদা আক্তার, ভগ্নিপতি সাইদুল ইসলাম ও ফুফাতো বোন কুলসুম বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। রবিবার বিকেলে গজারিয়া উপজেলা চরবাউশিয়া এলাকায় এঘটনা ঘটে। আউয়াল সরকার কুমিল্লার মুরাদনগর থানার কৃষ্ণনগর গ্রামের মুক্তিযোদ্ধা হুমায়ন কবিরের ছেলে। তিনি ঢাকার মুগদা ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন। গজারিয়া থানার এস আই মো. ইয়াসিন মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
আহত আল আমিন ও ফরিদা বলেন, ‘আমরা দাদীর জানাজায় অংশ নিতে ঢাকার সায়েদাবাদ থেকে রওনা দিয়ে মেঘনা সেতুর পার হওয়ার পর গাড়ির চালক ঘনঘন যাত্রী উঠাচ্ছিলেন। এতে  আমার ভাই প্রতিবাদ করায় চালক ও সহকারী ফোন করে তাদের গ্রাম চরবাউশিয়া এলাকায় বিশ পচিঁশজন লোক জড়ো করে এবং অন্য যাত্রীদের ভয় দেখিয়ে গাড়ি থেকে নামতে না করে। এরপর গাড়ি থেকে নামিয়ে দিয়ে আমাদের পেটানো শুরু করে। পিটিয়ে আহত করার পর ভাই আউয়ালকে ধাক্কা দিয়ে অন্য একটি গাড়ির নিচে ফেলে হত্যা করে পালিয়ে যায় তারা। 
 
গজারিয়া থানার  এস আই মো. ইয়াসিন মুন্সী জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আমরা হত্যাকাণ্ডে জড়িতদের নাম ঠিকানা জানতে পেরেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।