শেয়ার কেলেঙ্কারির তদন্ত কমিটির প্রধানের বিরুদ্ধে পরোয়ানা

আপডেট : ২০ মার্চ ২০১৬, ২১:৩৩
 
১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
 
পুঁজিবাজার মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর রবিবার গ্রেফতারি পরোয়ানার এ আদেশ জারি করেন। ১৯৯৬ সালের প্রিমিয়াম সিকিউরিটিজের শেয়ার কেলেঙ্কারি মামলায় সাক্ষ্য দেয়ার জন্য ট্রাইব্যুনালে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। এছাড়া মামলার বাদী ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশেনের (বিএসইসি) সাবেক নির্বাহী পরিচালক এম এ রশীদ খানের বিরুদ্ধেও পরোয়ানা ইস্যু করা হয়।
 
ট্রাইব্যুনাল আগামী ২৭ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওই দিন এ মামলায় বিএসইসির সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদ ও ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্য প্রফেসর জহুরুল হকের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।