ঠাকুরগাঁও জেলা শহর ও সদর উপজেলায় অগ্নিকান্ডে ৩১টি পরিবারের বসতবাড়ির ৯৩টি ঘর পুড়ে গেছে। অগ্নিকান্ডে ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়েছে। রবিবার ও শনিবার এই দুইদিনে পৃথক অগ্নিকান্ডে এই ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, রবিবার দুপুর সাড়ে ১২টায় শহরের হাজীপাড়া ও সদর উপজেলার জগন্নাথপুরে অগ্নিকান্ডে ২টি পরিবারের ৪টি ঘর পুড়ে গেছে।
অপরদিকে শনিবার রাতে সদর উপজেলার ঝাড়গাঁও ও আকচার আশ্রমপাড়া গ্রামে ২৯টি পরিবারের ৮৯টি ঘর পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরের ভেতরে থাকা আসবাপত্র, ধান, গম, ভুট্টা ও নগদ টাকা পুড়ে ছাই হয়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ফসির উদ্দিন জানান, রান্নাঘরের চুলার আগুন থেকে এসব অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১৬ লাখ টাকার মালামাল। খবর- বাসস।
