নওগাঁর নজিপুর সরকারি কলেজে শিক্ষক সঙ্কট, শিক্ষা কার্যক্রম ব্যাহত

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১০:১৬
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজে শিক্ষক সঙ্কটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। 
 
জানা গেছে, কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাত হাজার আর শিক্ষক রয়েছে মাত্র ১৭ জন। শিক্ষকের অবশিষ্ট ১৬টি পদই শূন্য। পাঠদানের কার্যক্রম নিয়মিত না হওয়ায় শিক্ষার্থীরা ছুটছে অনভিজ্ঞ শিক্ষকদের তৈরি করা প্রাইভেট ও কোচিং সেন্টারের দিকে। 
 
শিক্ষক সঙ্কটের কারণে কলেজে সপ্তাহে স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস হয় মাত্র দুটি। কলেজে শিক্ষক সঙ্কটের কারণে শিক্ষার্থীরা প্রাইভেট ও বিভিন্ন কোচিংয়ের দিকে ঝুঁকে পড়ছে। এতে কলেজের শিক্ষা কার্যক্রমের মান ও শিক্ষার্থীদের ফলাফল নিয়ে অবিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
 
কলেজ সূত্রে জানা গেছে, স্থানীয় শিক্ষানুরাগী কাজী আব্দুল মজিদ ১৯৭৩ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ সালে এর সরকারিকরণ হয়। বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক,  স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষাদান করা হয়। এছাড়াও এখানে ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়েছে। 
 
জেলার ধামইরহাট-পত্মীতলা আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার বলেন, ‘কলেজের এই শিক্ষক সঙ্কট দীর্ঘদিনের। শিক্ষকরা এসে জেলার প্রত্যন্ত এই কলেজে বেশিদিন থাকতে চায় না। বদলি হয়ে চলে যান তাদের পছন্দ মতো কলেজে। এই সঙ্কট দূর করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি বিসিএস পরীক্ষার ফলাফলের পর কলেজে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হলে সঙ্কট অনেকাংশে কমে যাবে।’