ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের জাতীয় সংগীত গেয়েছিলেন অমিতাভ বচ্চন। তবে শোনা যাচ্ছে, এর জন্য নাকি পারিশ্রমিক হিসেবে চার কোটি রুপি নিয়েছিলেন বিগ বি। এরপর থেকে সমালোচনার শিকার হয়েছেন তিনি। এমনিক তার দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
অবশ্য অমিতাভের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নাকোচ করে দিয়েছেন ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’ এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, গান গাওয়ার জন্য একটি পয়সাও নেননি অমিতাভ।
আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাত্কারে সৌরভ গাঙ্গুলি বলেছেন, অমিতাভ একজন বিশেষ ব্যক্তি, তিনি একজনই। আমি তার প্রতি কৃতজ্ঞ।
তিনি আরো বলেছেন, কেউ কখনো চিন্তা করতে পারবে যে নিজের টাকা খরচ করে অনুষ্ঠানে যোগ দেবে। অমিতাভ নিজে ফ্লাইট বুকিং করেছেন, টিকেট কিনেছেন এমনকি হোটেলের বিল পর্যন্ত নিজের টাকা থেকে দিয়েছেন। আমি তাকে কিছু টাকা নেয়ার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি আমাকে বলেছেন, ভালবাসা থেকে আমি এই কাজ করছি। এখানের টাকার কোনো ব্যাপার নেই।
শনিবার আইসিসির অফিসিয়াল অ্যাকাউন্ট অমিতাভ বচ্চনের গাওয়া জাতীয় সংগীতের ভিডিও প্রকাশ করেছে।
