মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার দুপুর ১২টার দিকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
২৬ মার্চ শনিবার ভোর ছয়টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং কবর প্রাঙ্গণে ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ঐদিন বিকাল ৩-০০ টায় দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি অনুষ্ঠিত হবে।
এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সারাদেশের জেলা, মহানগর ও উপজেলায় দলের স্থানীয় কার্যালয়ে সকাল ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং স্থানীয় সুবিধানুযায়ী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করবে।
