মাগুরায় হত্যা মামলায় দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুইজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। অনাদায়ে প্রত্যেককে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালত এ রায় দেয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলা সদর উপজেলার ছয়চার গ্রামের মান্নান (৪০) ও শিহাদ (৩০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০০৬ সালের ৩ অক্টোবর জেলা সদর উপজেলার ছয়চার গ্রামের রুহুল আমীন পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনায় তার ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত কর্মকর্তা মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র প্রদান করে।
বাদী পক্ষে মামলাটির শুনানি করেন অ্যাডভোকেট হারুন আর রশিদ এবং আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম নবী।
