স্নাতকোত্তর পর্যায়েও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বৃত্তি

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৫:৫০
 
স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের সুযোগ রেখে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন’ সংশোধনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
 
মোহাম্মদ শফিউল আলম বলেন, এতোদিন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা ছিল। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আইনে কোনো বিধান ছিল না। আইন সংশোধন করে নতুন ধারা যুক্ত করায় মাস্টার্স, এমফিল, পিএইচডি কোর্সের শিক্ষার্থীরাও বৃত্তি পাবেন।
 
আগের আইনের অধীনে সরকারকে বিধি এবং প্রবিধান প্রণয়নের ক্ষমতা দেওয়া থাকলেও নীতিমালা প্রণয়নের ক্ষমতা ছিল না। আইনটি সংশোধন করে সরকারকে নীতিমালা প্রণয়নের ক্ষমতাও দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।