কুমিল্লায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০১৬, ২২:৩৫
কুমিল্লা একটি কালভার্টের পাশের জঙ্গল থেকে সোহাগী জাহান (১৯) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেনের মেয়ে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিল। তাদের বাড়ি জেলার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে।
 
জানা গেছে, সোহাগী জাহান রবিবার সন্ধ্যায় অলিপুর এলাকায় প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হন। পরে বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। রাত ১১টার দিকে ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন কালা পানির ট্যাংকির কালভার্টের পাশের একটি জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এদিকে একটি লাশ পাওয়া যাওয়ার খবরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ওই লাশটি সোহাগীর বলে শনাক্ত করে। এ ব্যাপারে নিহতের পিতা ইয়ার হোসেন  সোমবার বিকালে কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
 
কোতয়ালী মডেল থানার অধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সোমবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
 
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথার কিছু চুল ছেড়া ছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।