ফেনীর পরশুরাম উপজেলার ৩ ইউনিয়নে স্থগিত নির্বাচন নিয়ে গণশুনানিতে প্রার্থীদের অভিযোগ শুনলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শাহেদ উন নবী চৌধুরী ও সহকারী সচিব আল মামুন নেতৃত্বাধীন দু’সদস্যের তদন্ত কমিটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসে ৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী, সাধারণ ও সংরক্ষিত সদস্যদের বিভিন্ন অভিযোগ শুনেন তদন্ত কর্মকর্তারা। প্রত্যেক প্রার্থী গোপনে তদন্ত কমিটির কাছে তাদের মতামত ব্যক্ত করেন।
গত ৮ মার্চ পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ইউপি নির্বাচনের অনিয়ম ও অসঙ্গতি তদন্ত করতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শাহেদ উন নবী চৌধুরী ও সহকারী সচিব আল মামুন চৌধুরীর নেতৃত্বে দু’সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, সোমবার ৩ ইউনিয়নের নির্বাচন নিয়ে গণশুনানির নোটিশ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাম্মৎ সাহেদা আক্তার। নোটিশে বলা হয়, পরশুরাম উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলে বাঁধাদান, ৩ ইউনিয়নের চেয়ারম্যান পদে ১ জন করে, কিছু সংখ্যক সাধারণ ও সংরক্ষিত আসনে সদস্য পদে ১ জন করে মনোনয়ন দাখিলের বিষয়টি তদন্তের লক্ষ্যে গণশুনানির নির্দেশ জারি করা হল।
নোটিশে উল্লেখ করা হয়, ২১ মার্চ বিকেল ৪টা থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস ও ২২ মার্চ সাড়ে ১১টা সাড়ে ১২টার মধ্যে জেলা নির্বাচন অফিসে সর্বসাধারণকে উপস্থিত হয়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানানো হলো।
ফেনী জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেন জানান, পরশুরাম উপজেলার ৩ ইউনিয়নের স্থগিত নির্বাচন নিয়ে গণশুনানিতে অভিযোগ শুনলেন নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসে ২২ মার্চ সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে সর্বসাধারণের বক্তব্য শুনবেন।
