কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নির্বাচন চলাকালে ফতেহাবাদ ইউনিয়নে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ফতেহাবাদ ইউনিয়নের বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে স্টাইকিং ফোর্সে নিয়োজিত কুমিল্লা ডিবির এসআই সহিদুল ইসলাম মুঠো ফোনে জানান, ফুটবল মার্কার প্রার্থী কবির হোসেন ও টিউবওয়েল মার্কার প্রার্থী বিল্লাল হোসেনের কর্মী সমর্থকদের মধ্যে কেন্দ্রে আধিপত্য নিয়ে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপর দিকে বেলা সোয়া ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের জীবনপুর এ রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য ভোট গ্রহন স্থগিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
