অ্যাপলের সহযোগিতা ছাড়াই ফোন আনলক করবে এফবিআই!

আপডেট : ২২ মার্চ ২০১৬, ১১:৫৯
অ্যাপলের সহযোগিতা ছাড়াই সান বার্নার্দিনো হামলাকারী রিজওয়ান ফারুকের আইফোন আনলক করতে পারার পদ্ধতি বের করেছে বলে জানিয়েছে এফবিআই। আর এই প্রেক্ষিতে মার্কিন বিচার বিভাগের আবেদনের প্রেক্ষিতে এই বিষয়ে আদালতের এক শুনানির দিন পুনঃনির্ধারণ করা হয়েছে। 
 
এর আগে দেশটির বিচার বিভাগ অ্যাপলকে সান বার্নার্দিনোতে হামলাকারীর ফোন আনলক করতে সাহায্য করতে নির্দেশ দেয়। কিন্তু অ্যাপল বরাবরের মতো এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। অ্যাপলের মতে, এভাবে ফোন আনলক করার ব্যবস্থা করলে ব্যক্তিগত গোপনীয়তার জন্য বিরাট হুমকি হয়ে উঠবে।
 
আদালতে ফাইল করা আবেদনে প্রসিকিউটররা বলেন, এফবিআই এর বাইরের একজন অ্যাপলের সহযোগিতা ছাড়াই রিজওয়ানের আইফোন আনলক করার পদ্ধতি প্রদর্শন করেছে। তবে সেটি কাজ করবে কী না সেই বিষয়ে আরো পরীক্ষার প্রয়োজন রয়েছে। যদি এটা সম্ভব হয় তাহলে অ্যাপলের সহযোগিতা প্রয়োজন হবে না। এই বিষয়ে আগামী ৫ এপ্রিল আদালতকে জানাবে বিচার বিভাগ। 
 
উল্লেখ্য, গত ডিসেম্বরে রিজওয়ান ফারুক ও তার স্ত্রী ক্যালিফোর্নিয়ায় ১৪ জনকে গুলি করে হত্যা করে। এই দুইজন আইএস সমর্থক ছিল বলে ধারণা করা হয়। দুইজনকেই গুলি করে হত্যা করে পুলিশ। বিবিসি।