ইসলাম প্রচারের পাশাপাশি দেশে যাতে জঙ্গিবাদ মাথাচাড়া না দেয় সে জন্য কাজ করে যেতে ওলামায়ে কেরামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, বিশ্বমঞ্চে অনেকেই বলে থাকেন, ইসলাম ধর্ম সন্ত্রাসীদের ধর্ম। আমি উচ্চস্বরে বলেছি, জঙ্গির কোনো ধর্ম থাকতে পারে না। ইসলাম শান্তির ধর্ম। এ ধর্ম কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না।
তিনি বলেন, বিশ্ব ইজতেমার ভেন্যু নির্ধারণের প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশে তা আয়োজনের বিষয়টি নিশ্চিত করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শেখ হাসিনা বলেন, মাদ্রাসা শিক্ষাকে বঙ্গবন্ধু গুরুত্ব দিয়েছেন। সেজন্য তিনি বোর্ড তৈরি করে দিয়েছেন। ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো শিক্ষা উন্নয়ন হয় না। সেটা শিশুকাল থেকে দিতে হয়। তিনি এই শিক্ষা প্রসারে ভাতার ব্যবস্থা করেছেন।
তিনি আরো বলেন, জাতির পিতার আদর্শে পরিচালিত আমাদের সরকার দেশ থেকে দারিদ্র্য বিতাড়নে কাজ করে যাচ্ছে। আমরা ব্যাপক হারে গৃহহীনদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি। ইসলাম ধর্ম শিক্ষা দেয়, প্রয়োজনে নিজের খাবার দরিদ্রকে দিতে হবে। এ শিক্ষা থেকেই আমরা দেশকে আরো সামনে বাড়াতে কাজ করছি।
