প্রথম ধাপে ৭১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উত্সবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
দীপু মনি বলেন, এখন পর্যন্ত আমরা সারা দেশ থেকে যত খবর পাচ্ছি এবং গণমাধ্যমের মাধ্যমে যা জানতে পারছি, তাতে দেখা যাচ্ছে শান্তিপূর্ণ ও উত্সবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা দীর্ঘ সারিতে দাড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।
তিনি বলেন, গোলযোগের কারণে ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মোট কেন্দ্রের হিসাবে এটা দশমিক ২৪ শতাংশ। এতেই প্রমাণিত হয়, নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে।
আজকের নির্বাচনকে ‘প্রহসের নির্বাচন’ বলায় বিএনপির সমালোচনা করে দীপু মনি বলেন, এসব অভিযোগ করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণকারী সকল চেয়ারম্যান প্রার্থী, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপমানিত করছেন।
তিনি বলেন, বিএনপি ইসিকে কুক্ষিগত করে রেখেছিল। আজও দলটি ইসির স্বাধীনতার কথা ভাবতে পারে না। যে কারণেই তারা এমন অভিযোগ করে।
