ফেনী গার্লস ক্যাডেট কলেজের খাদিজা হাউসের তৃতীয় তলার বাথ রুম থেকে লামিয়া তাবাসসুম তুবা (১৩) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
লামিয়া তাবাসসুম তুবা ফেনী গার্লস ক্যাডেট কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী (ক্যাডেট নং ৫৫৯)। সে কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষক মো. সাইফুল আলম ও নাদিয়া ইয়াসমিন লুনার মেয়ে। সে কুমিল্লার মনোহরগঞ্জের সাত পুকুরিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফেনী গার্লস ক্যাডেট কলেজের হোস্টেলের অন্য ছাত্রীরা তাকে তার সিটে না দেখে খোঁজাখুঁজি শুরু করে। হোস্টেলের একটি বাথরুম বন্ধ থাকায় তাদের সন্দেহ হলে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানায় তারা। পরে খাদিজা হাউসের তৃতীয় তলারেএকটি বাথরুমে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তবে কি কারণে মেয়েটি আত্মহত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে- সে প্রথম সাময়িক পরীক্ষায় কম নম্বর পাওয়ায় অভিমানের কারনে এ ঘটনা করতে পারে।
ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক ডা. অসীম কুমার সাহা জানান, পড়াশুনার চাপজনিত কারণে আত্মহত্যা করে থাকতে পারে ওই ছাত্রী।
