পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, যারা অন্যায়ভাবে ব্যাংক, নদী, জমি দখল করছে তাদের বিচার হচ্ছে না। এই দখলদারিত্ব থেকে যদি আমরা দেশকে মুক্ত করতে না পারি তাহলে উন্নতির যে লক্ষ্যে নিয়ে আমরা কাজ করছি তা মুখ থুবড়ে পড়বে। এই জায়গায় আমাদের অবস্থান শক্ত করতে হবে।
মঙ্গলবার সুনামগঞ্জ সদর উপজেলার বেরীগাঁও স্কুল মাঠে স্বাস্থ্য ক্যাম্প ও শিশু মেলার আলোচনা পর্বে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী খলীকুজ্জমান বলেন, বিশ্বের অর্ধেক সম্পদ মাত্র এক শতাংশ মানুষের হাতে। বাংলাদেশ সেই পথে হাটুক সেটা আমরা দেখতে চাই না। বঙ্গবন্ধু তার ঐতিহাসিক বক্তব্য সাধারণ মানুষের মুক্তির কথা বলেছিলেন। দুঃখজনক হলেও এই মুক্তির সংগ্রামে আমরা পিছিয়ে আছি।
তিনি আরো বলেন, প্রতিটি মানুষ সমান। মানুষ হিসেবে প্রতিটি মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। পরিবার এবং সমাজকে এগিয়ে নিতে তরুণরা অগ্রণী ভূমিকা রাখবে। তাদেরকে মানবিক গুণাবলির মধ্য দিয়ে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দিন ব্যাপি এ মেলার আয়োজন করে। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাবির সাবেক অধ্যাপক ড. জাহেদা আহমদ, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. জসিম উদ্দিন, পদক্ষেপের বিভাগীয় কর্মকর্তা হাসানুর রহমান, পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা মো. মুজিবুল হক প্রমুখ।
