ভেড়ামারায় ৭ হাজার পিলি পানের বরজ আগুনে পুড়ে ছাই

আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৮:৫৫
কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজে আগুন লেগে প্রায় ৭ হাজার পিলি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর মাঠে গমের নাড়া পুড়ানো থেকে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৪ কোটি টাকার পান ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পান চাষীরা।
 
জানা গেছে, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ, বাগগাড়ীপুল মাঠ, বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর, জুনিয়াদহ ইউনিয়নের পরানখালীর মাঠে বিশাল এলাকা জুড়ে অধিকাংশই রয়েছে পান বরজ। মঙ্গলবার জামালপুর মাঠে গমের নাড়া পুড়ানো থেকেই পান বরজে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে বাতাসে এই আগুন ৩টি ইউনিয়নের মাঝে অবস্থিত মাঠে আবাদকৃত পান বরজে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে প্রায় ৭ হাজার পিলি পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে ২ থেকে ৩শ কৃষক সর্বশান্ত হয়ে পড়েছে।