স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিগত ৫ বছরে ১ লাখ সাড়ে ২২ হাজার আর্সেনিক মুক্ত পানির উৎস স্থাপন করেছে। এছাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ হাজার নলকূপ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আগামী ২০২০ সালের মধ্যে ৮০ হাজার পানির উৎস স্থাপন করা হবে।
মঙ্গলবার তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে “বিশ্ব পানি দিবস” উপলক্ষে অধিদপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা ইউনিসেফ, এনজিও ফোরাম ও ওয়াটার এইড বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ড. অনুরাধা নারায়ণ, এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস.এম.এ রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
সচিব বলেন উৎপাদন, উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে পানির কোন বিকল্প নেই। তাই জীবন ও জীবিকার জন্য নিরাপদ পানি অপরিহার্য। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সরকার নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। বর্তমান সরকার সুপেয় পানি নিশ্চিত করতে পদ্মা যশলদিয়া শোধণাগার প্রকল্প, গন্ধবপুর পানি শোধণাগার প্রকল্পসহ সমগ্র দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রধানমন্ত্রী ঘোষিত ‘ভিশন ২০২১’ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তর করতে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
২য় পর্বের কার্য অধিবেশনে বিশিষ্ট পানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন।
