সিরিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে ব্যবস্থা নিবে রাশিয়া

আপডেট : ২২ মার্চ ২০১৬, ২০:১৭
রাশিয়া সতর্ক করে বলেছে সিরিয়ার বিদ্রোহীরা যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে তারা একাই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার তারা এই ঘোষণা দেন।
 
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রাশিয়া বলেছে, যুদ্ধবিরতির বিষয়ে যে কোনো টালবাহানা পরোক্ষভাবে বেসামরিক মানুষের মৃত্যুর হারকেই বাড়িয়ে তুলবে। এছাড়া যুদ্ধবিরতি নিয়ে যৌথ পর্যবেক্ষণের বিষয়ে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে তা হিতে বিপরীত হবে।
 
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে প্রস্তাবিত পদক্ষেপগুলোকে কেউ যদি আমলে না নেয় তাহলে তা এর উদ্দেশ্যকে ব্যাহত করবে। তারা আরো জানান, শান্তিপূর্ণ নাগরিকরা দিনের পর দিন দেশটির খামখেয়ালিপনায় মারা যাচ্ছে।
 
রুশ জেনারেল স্টাফ লে. জেনারেল সার্গেই রুদসকই ওই বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের যৌথ মনিটরিংয়ে বাধা দেয় তাহলে রাশিয়ার বাহিনী একাই শান্তিচুক্তি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
 
সিরিয়া সরকার ও বিদ্রোহীদের মধ্যে সম্প্রতি শান্তিচুক্তি হয়েছে। তবে এর লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ উঠছে। এরমধ্যে সরকারি বাহিনী বিরোধী এলাকাগুলোতে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেইসঙ্গে একটি সামরিক বিমান ভূপাতিত করার অভিযোগ রয়েছে বিদ্রোহীদের বিরুদ্ধে।
 
মানবাধিকার গ্রুপগুলোর দাবি নুসরা ফ্রন্ট এবং আইএস এই যুদ্ধবিরতির বাইরে রয়েছে। মস্কো এমন এক সময়ে এ হুঁশিয়ারি দিলো যখন সিরিয়ার বিদ্রোহী গ্রুপ এবং সরকারের প্রতিনিধিরা জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনার জন্য সমবেত হয়েছেন। সূত্র: আল জাজিরা