বগুড়ায় বাসচাপায় নিহত ৩

আপডেট : ২২ মার্চ ২০১৬, ২১:৩০
বগুড়া-ঢাকা মহাসড়কে জেলার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিক্সা চালকসহ ৩জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার রাত ৮টার দিকে মহাসড়কের  ঘোগা বটতলা নামকস্থানে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।  নিহতরা হলেন শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হোসেন আলীর ছেলে সিএনজি চালক ফরিদ উদ্দিন (৩৫), যাত্রী  আমিনপুর গ্রামের জিন্নাহের ছেলে ফিরোজ (২০) ও একইগ্রামের শাবান আলীর ছেলে জহুরুল ইসলাম (২৫)। গুরুতর আহতরা হচ্ছেন সিএনজি যাত্রী আমিনপুর গ্রামের আরমান আলী (২২) ও হবিবর রহমান (৪৮) । 
 
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন দুর্র্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নৈশ্যকোচ  হানিফ এন্টারপ্রাইজ একটি যাত্রীবাহী বাস ঘোগা বটতলা নামকস্থানে পৌঁছালে শেরপুরের  ভবানীপুরগামী একটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেয়।
 
এতে সিএনজি চালিত অটোরিক্সাটি  দুমড়ে মুচড়ে চালক ও যাত্রী সহ ৫জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৩জনকে মৃত ঘোষণা করেন। বাকি ২  জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে ।