নেত্রকোনায় আওয়ামী লীগ প্রার্থীর ভাই পুলিশের গুলিতে নিহত

আপডেট : ২২ মার্চ ২০১৬, ২১:৩২
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষে ভোটের ফলাফলকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায়   মঙ্গলবার রাত ৭টার দিকে খালিয়াজুরীর আদাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী গোলাম আবু ইসহাকের ছোট ভাই কাওসার মিয়া (২৫)  গুলিবিদ্ধ হয়ে মারা যান।   
 
তার ভাই ছালাক মিয়া জানান, রাত ৭টার দিকে ভোটের ফলাফল ঘোষণা নিয়ে পুলিশের সঙ্গে তর্কবিতর্কের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
স্থানীয়রা জানায়, পুলিশের গুলিতেই তিনি মারা গেছেন। এ ব্যাপারে নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী রাত ৯টায় জানান, কাওসার ও তার লোকজন আদাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট বাক্স ছিনতাইয়ের সময় পুলিষের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ব্যালট পেপার ভর্তি বাক্স রক্ষা করতে পুলিশ গুলি ছোড়ে। তখন পাল্টা গুলিও হয়। গুলাগুলির সময় হয়তো তার মৃত্যু হতে পারে বলে তিনি জানান। তবে তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।