দোলপূর্ণিমা উত্সবে ভারতে সরকারি ছুটি থাকায় বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
ভারতের পেট্রাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, দোল উত্সবে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দরের সকল অফিস বন্ধ রয়েছে। যার ফলে সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয়া হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা জানান, ভারতে হলি উত্সবে পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলাম জানান, হোলি উত্সবে আমদানি-রফতানিবন্ধ থাকলেও এই পথে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
