৫ বছর পর বিজ্ঞাপনে সজল

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৫:০০
জনপ্রিয় অভিনেতা সজল দীর্ঘ ৫ বছর পর নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন। এমএসপি স্টেইনলেস স্টিলের ১ মিনিট ব্যাপ্তির এই বিজ্ঞাপনটির পরিচালনা করেন আশরাফুল আলম রুবেল। 
 
রাজধানীর বসিলা ফ্লাইওভার, এফডিসি, সদরঘাট, আহসান মঞ্জিল, বুদ্ধিজীবী শহীদমিনারসহ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ৪ দিনব্যাপী এই বিজ্ঞাপনের শুটিং হয়। তিনি এই এমএসপি স্টেইনলেস স্টিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও সম্প্রতি চুক্তিবদ্ধ হন। সজল বলেন আশাকরি বহুদিন পর যেহেতু বিজ্ঞাপনে কাজ করলাম, খুব ভালো একটি বিজ্ঞাপন নিয়েই দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি। 
 
উল্লেখ্য, সর্বশেষ ৫ বছর আগে তিনি চাকা ওয়াশিং পাউডারের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর দীর্ঘ এই সময়ের মধ্যে নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করেননি তিনি।  
 
IMG0
 
সজল নিয়মিতই ছোটপর্দার এক ঘণ্টার নাটকে কাজ করে থাকেন। বহু বছর ধরে তিনি কোনো ধারাবাহিক নাটকে কাজ করছেন না। এবং কোনো ধারাবাহিক নাটকে কাজ করবেন না বলেও তিনি সাফ জানিয়েছেন। সর্বশেষ তার অভিনীত ‘রানআউট’ চলচ্চিত্রটি মুক্তি পায় এবং দর্শক সমাদৃত হয়। 
 
এই মুহূর্তে তিনি নতুন একটি চলচ্চিত্রের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। বদিউল আলম খোকনের পরিচালনায় ‘হারজিত’ শিরোনামের এই চলচ্চিত্রটির শুটিং আগামী মে মাস থেকে শুরু হবে। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘অগ্নি’খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহী।