২০০৫ সালে নেত্রকোনায় সাংস্কৃতিক সংগঠন উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা মামলায় জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সদস্য আসাদুজ্জাম চৌধুরি ওরফে পনিরের মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ এই রায় দেয়। এই রায়ের ফলে পনিরের মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোন বাধা থাকল না।
২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় ৮ জন নিহত হন। ঘটনার দিনই পুলিশ নেত্রকোনা থানায় জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান বাংলা ভাই, আতাউর রহমান সানিসহ ছয় জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। পরবর্তীতে তদন্ত করে পুলিশ ছয় জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
এই মামলায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা দ্রুত বিচার ট্রাইবুনাল-২ পনির, সালাউদ্দিন ওরফে সোহেল ও ইউনুস আলিকে মৃত্যুদণ্ড দেয়। আর বাকি তিনজনকে খালাস দেয় ট্রাইবুনাল। মৃত্যুদণ্ডের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন পনির। তবে সালাউদ্দিন আপিল করেননি। আরেক মৃত্যু দণ্ডপ্রাপ্ত পলাতক থাকায় আপিলের সুযোগ পায়নি।
আপিলের শুনানি করে ২০১৪ সালের ৩১ জানুয়ারি পনিরের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন পনির। আজ ওই আপিলের শুনানি শেষে তা খারিজ করে দেয় আপিল বিভাগ।
আইনজীবীরা জানিয়েছেন, সোহেল যেহেতু আপিল করেননি তাই তার মৃত্যুদণ্ড কার্যকরেও কোন বাধা নেই।
