গোপালগঞ্জে পৃথক সড়ক দুঘটনায় নিহত ২

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৬:১৩
 
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩ জন। বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ভাটিয়াপাড়ায় ও একই সড়কের মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা দুইটি ঘটে।
 
নিহতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মৃত রাজ্জেক ফকিরের ছেলে জিন্নু ফকির (৩৫) ও টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামের রতন গাইন (২০)।
 
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, সকালে ভাটিয়াপাড়ায় খুলনাগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দেয়। এতে রতন গাইনসহ ওই ভ্যানে থাকা চারজন আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রতনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
 
মুকসুদপুর থানার এস আই লিয়াকত হোসেন জানান, জিন্নু ফকির নছিমনে কাশিয়ানী থেকে মাল বোঝাই করে টেকেরহাট যাচ্ছিলেন। সালিনাবক্সা পেট্রোল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।