গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা হয়েছে।
বুধবার টুঙ্গিপাড়া থানায় পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে। এ ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান সুষেন সেনসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার ওসি মাহামুদ হোসেন জানান, গোপালপুর ইউনিয়নের নির্বাচন শেষে পুলিশের গাড়িতে নির্বাচনী মালামাল নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা রিটার্নিং অফিসে যাচ্ছিলেন এসআই গনেশ বিশ্বাসসহ বেশ কয়েকজন পুলিশ। এ সময় পুলিশের গাড়িটি গোপালপুর বাজারের কাছে পৌঁছালে স্থানীয় লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এসআই গনেশ বিশ্বাস মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
